রাজনৈতিক ডেস্ক -
পুরুলিয়া :-২০২১ সালের পর আবারও প্রার্থী হিসেবে সামনে এলেন হাজারী বাউরি। বঙ্গে ভোটের দামামা বেজে উঠতেই বিভিন্ন রাজনৈতিক দল প্রথম পর্যায়ে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আর এবার রাজনৈতিক মহলের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রঘুনাথপুর বিধানসভা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিবেকানন্দ বাউরি-র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রায় ৪,৫৯৩ ভোটের ব্যবধানে পরাজিত হন হাজারী বাউরি। অল্প ব্যবধানের সেই হারই এবারের লড়াইকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
প্রসঙ্গত, ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবারও হাজারী বাউরির ওপর আস্থা রেখে তাঁকেই প্রার্থী করেছে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অন্দরে জোর চর্চা শুরু হয়েছে।
বিশেষ খবর
কেন ভোটের আগে ২৩টি পদ ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
অন্যদিকে, বিজেপি শিবিরে নতুন মুখ হিসেবে উঠে এসেছে মামনি বাউরি। ফলে এবারের লড়াই দাঁড়াচ্ছে হাজারী বাউরি বনাম মামনি বাউরি—যা ইতিমধ্যেই এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
এদিকে, রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল, প্রার্থী হিসেবে উঠে আসতে পারেন দু’বারের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি অথবা তৃণমূলের যুব নেতা অমিত কুমার বাউরি। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে দল আবারও ২০২১ সালের প্রার্থী হাজারী বাউরির ওপরই ভরসা রাখল।
নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই হাজারী বাউরি জনসংযোগ, প্রচার এবং দেয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন। অন্যদিকে বিজেপি প্রার্থীও জোরকদমে প্রচার চালাচ্ছেন। ফলে ইতিমধ্যেই নির্বাচনী আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়।
সব মিলিয়ে, পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভা এবার নির্বাচনের অন্যতম হটস্পট হয়ে উঠেছে। অল্প ব্যবধানে হেরে যাওয়ার পর হাজারী বাউরি কী কৌশল নিয়ে মাঠে নামেন, এবং বিজেপির নতুন মুখ কতটা প্রভাব ফেলতে পারেন—সেদিকেই এখন সবার নজর।
মতামত লোড হচ্ছে...